• Home
  • দেশ
  • বরগুনার নলটোনায় দেড় কোটি টাকার বাঁধ দেড় মাসেই ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম
Image

বরগুনার নলটোনায় দেড় কোটি টাকার বাঁধ দেড় মাসেই ধস, ঝুঁকিতে ১৫ গ্রাম

হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: নদীভাঙন থেকে জনপদ রক্ষায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ ও বালুভর্তি জিও ব্যাগ। কিন্তু কাজ শেষ হওয়ার দেড় মাস না যেতেই পায়রা নদীর ভাঙনে ধসে পড়তে শুরু করেছে সেই বাঁধ। কোথাও জিও ব্যাগসহ বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে, কোথাও দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছেন তালতলী উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ। অন্যদিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে কয়েক যুগ আগে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধের স্থায়ী পুনর্নির্মাণ না হওয়ায় এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন বহু গ্রামের বাসিন্দা। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত শুনলেই তাঁদের মধ্যে বাড়ে উদ্বেগ-উৎকণ্ঠা।

উপকূলীয় জেলা বরগুনার নদীঘেরা জনপদগুলোর মানুষের কাছে নদীভাঙন ও জলোচ্ছ্বাস নতুন কোনো আতঙ্ক নয়। বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিলে তাঁদের মনে ভেসে ওঠে অতীতের ভয়াবহ দুর্যোগের স্মৃতি। কখন নদীর পানি বাড়বে, কখন ভেঙে পড়বে দুর্বল বেড়িবাঁধ, কখন সিডরের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে- এমন আশঙ্কায় নির্ঘুম রাত কাটে উপকূলের মানুষের।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় সেই আশঙ্কা এখন বাস্তব রূপ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় পাঁচটি প্যাকেজে ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজে চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো বাস্তবায়ন করে। সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অল্প সময়ের মধ্যেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, সংস্কার করা বাঁধ ও জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে সৃষ্টি হয়েছে ফাটল। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। ফলে আসন্ন জোয়ার, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঁধের আরও বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বাঁধ নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে আমাদের আপত্তি ছিল। নদীর তীর থেকে মাটি কেটে বাঁধ তৈরি করা হয়েছে বলে আমরা দেখেছি। এখন অল্প সময়ের মধ্যেই বাঁধে ফাটল ধরেছে, জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে। জোয়ারের পানি বাড়লে আমাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হবে।

একই এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, আমাদের পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীর কাছেই। বাঁধ ভেঙে গেলে শুধু ঘরবাড়ি নয়, ধানের জমি ও মাছের ঘেরও পানিতে তলিয়ে যাবে। আমরা স্থায়ী বাঁধ চাই। প্রতিবছর আতঙ্ক নিয়ে বসবাস করতে চাই না।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং জিও ব্যাগে পর্যাপ্ত বালু না ভরার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুধু তালতলী নয়, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী জনপদেও বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিনের সংকট রয়েছে। জেলার আজগরকাঠি, মাঝেরচর, জিনতলা, পদ্মা, রুহিতার, পালের বালিয়াতলী, আগাপদ্মাসহ বিভিন্ন গ্রামের মানুষ বন্যা ও জলোচ্ছ্বাসের খবর পেলেই আতঙ্কিত হয়ে পড়েন। এসব এলাকার অনেক স্থানে নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে। বিশেষ করে আজগরকাঠি এলাকায় নদীভাঙনের শিকার হয়ে অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে নদীভাঙনে ওই এলাকার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কিংবা নদীতীর সংরক্ষণে কার্যকর স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাভাবিক জোয়ারের সময়ও ঝুঁকি থাকে, আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই বাড়ে আতঙ্ক। তাঁদের আশঙ্কা, দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যেকোনো বড় দুর্যোগে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।

স্থানীয় সমাজসেবক সেলিম শাহনেওয়াজ বলেন, নলটোনা ইউনিয়নের নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। আজগরকাঠি এলাকায় নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। কয়েক যুগ আগে বেড়িবাঁধ নদীতে বিলীন হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের খবর পেলেই মানুষ আতঙ্কে থাকে। আমরা চাই, শুধু সাময়িক মেরামত নয়, নদীর গতিপ্রকৃতি ও এলাকার বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ভাঙনপ্রবণ এলাকায় কার্যকর নদীতীর সংরক্ষণ করা হোক।

তালতলীর তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের জীবন-জীবিকা এখন ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তার ওপর নির্ভরশীল। অন্যদিকে নলটোনার নদীতীরবর্তী গ্রামগুলোতেও একই ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। বাঁধ ভেঙে গেলে বসতভিটা, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের প্লাবিত হওয়ার পাশাপাশি সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশ্ন উঠেছে, দেড় কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই যদি বাঁধের এমন অবস্থা হয়, তাহলে নির্মাণকাজের গুণগত মান যাচাই হয়েছিল কীভাবে? কাজের পরিমাপ ও বিল পরিশোধের আগে যথাযথ তদারকি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে নলটোনার মতো দীর্ঘদিনের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণও স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারি অর্থ ব্যয়ের পরও যদি জনপদ নিরাপদ না হয়, তাহলে প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা হবে কীভাবে, এ প্রশ্নও সামনে এসেছে।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, তালতলীর ওই বেড়িবাঁধের কাজের সময় নদী বাঁধ থেকে দূরে ছিল। পরবর্তী সময়ে নদীর তলদেশে ভাঙন শুরু হওয়ায় জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই তীর সংরক্ষণের জন্য প্রকল্প প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। অপরদিকে নলটোনা ইউনিয়নের বেড়িবাঁধের কাজ অতি দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।

উপকূলের মানুষের দাবি, দুর্যোগের পর ত্রাণ কিংবা ক্ষতিগ্রস্ত বাঁধে সাময়িক মেরামত নয়, প্রয়োজন দুর্যোগের আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। তালতলীর সদ্য নির্মিত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত, প্রকল্পের কারিগরি ও আর্থিক নিরীক্ষা এবং নলটোনার দীর্ঘদিনের অরক্ষিত জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় সরকারি কোটি কোটি টাকা ব্যয়ের পরও নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্তি মিলবে না উপকূলবাসীর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »