আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গত ২০ নভেম্বর শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত লাগাতার বৃষ্টি পাতের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার আমন ধান কাটতে না পারায় ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। পাশাপাশি অনিশ্চয়তায় ভুগছেন চলতি মওসুমে আলু, সরিষা ও সবজি রোপন করবেন এমন কৃষকরা। এদিকে যেসব কৃষকরা আগাম আমন ধান কাটার পর সদ্য রোপনকৃত সরিষা আবাদ নিয়ে চরম হতাশায় ভুগছেন। এবারে অসময়ে বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টির কারণে রবি শস্য রোপনের আশায় আগাম জাতের আমন ধান কেটে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। চলতি মওসুমে উঠতি আমন ধান কেটে আলু ও সরিষা আবাদে মারাত্মক বিপর্যয় দেখা দিবে বলে আশংকা করছেন স্থানীয় কৃষকরা। তবে বৃষ্টিপাত আরো অব্যাহত থাকলে আলু, সরিষার আবাদ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কৃষকরা।
জানা গেছে, শস্য ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলা। এ উপজেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এই উপজেলার উৎপাদিত ধান সরিষা কাঁচা মরিচ সহ অন্যান্য উৎপাদিত কৃষি পণ্য উপজেলার চাহিদা পূরণ করে সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। জমির ধান কেটে শুকানোর জন্য মাঠে ফেলে রেখেছে কৃষকরা। এই বৃষ্টিতে ওইসব ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বহু কৃষক ধান কেটে আলু সরিষা লাগানোর জন্য জমি প্রস্তত করলেও বৃষ্টিতে তা ভন্ডুল হয়ে গেছে। ওইসব জমিতে এ বছর আলু ও সরিষা আবাদ আর সম্ভব হবে না বলেই তারা মনে করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মওসুমে রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরিষা প্রায় ৫ হাজার ৪শ হেক্টর, আলু ৩ হাজার হেক্টর, কাঁচা মরিচ ৫৫ হেক্টর ও শাকসবজি ৩৭০ হেক্টর।
উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের কৃষক আবু মোত্তালেব জানান, আমি ৩ বিঘা জমিতে সরিষা রোপন করেছি। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আমার জমিতে সদ্য রোপনকৃত সরিষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
উপজেলার শালগ্রামের কৃষক আব্দুল গফুর জানান, বৃষ্টিপাতে ভিজে যাওয়া মাটি শুকাতে বিলম্ব হওয়ার কারণে হয়তো এবছর আর আলু সরিষা লাগানো যাবে না। এতে চলতি বছর দেশে আলু সরিষার ব্যাপক ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিজ্ঞ বহন মনে করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, নিম্নচাপের কারণে গেল কয়েকদিনের বৃষ্টিপাতে উঠতি আমন ধান ও রবি শস্য আবাদে কিছুটা ব্যাঘাত ঘটনার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টি থেকে গেলে এ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।












