• Home
  • খেলা
  • আবারও ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ মিনেইরোর, সুদামেরিকানার চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স
Image

আবারও ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ মিনেইরোর, সুদামেরিকানার চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স

স্পোর্টস ডেস্ক: আবারও ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ আতলেতিকো মিনেইরোর। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের কাছে ২-০ গোলে হেরে কোপা সুদামেরিকানার শিরোপা জিততে ব্যর্থ হয়েছে ব্রাজিলের ক্লাবটি। পুরো ম্যাচে নিষ্প্রভ ফুটবল খেলেছে মিনেইরো। অন্যদিকে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সহজ জয় তুলে নিয়েছে বোকা। খবর গ্লোবো এস্পোর্তের।

কলম্বিয়ার বারানকিয়ায় মেট্রোপলিটানো রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গোল দুটি করেন আসকাসিবার ও মেরেন্তিয়েল। এই হারে গত তিন বছরে টানা চতুর্থবারের মতো কোনো কাপ প্রতিযোগিতার ফাইনালে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আতলেতিকো মিনেইরোকে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আতলেতিকো মিনেইরোর রক্ষণে চাপ সৃষ্টি করে বোকা জুনিয়র্স। প্রথমার্ধে আর্জেন্টাইন দলটির আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় ব্রাজিলিয়ান ক্লাবকে।

শুরুতেই আসকাসিবারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ১৫ মিনিটে আর কোনো ভুল করেননি তিনি। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণ করে শট নেন আরান্দা। রক্ষণভাগের খেলোয়াড় রুয়ান বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হলে সেটি পেয়ে যান আসকাসিবার। সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি।

গোল হজমের পরও ম্যাচে ফেরার মতো কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি মিনেইরো। প্রথমার্ধে লক্ষ্যে মাত্র একটি শট নিতে সক্ষম হয় তারা। বিপরীতে একের পর এক আক্রমণ চালালেও বোকাকে আরও গোল করা থেকে আটকে দেয় ব্রাজিলিয়ানদের রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বোকা জুনিয়র্স। হেরেরার লম্বা পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন ভিয়া। প্রিসিয়াদোকে কাটিয়ে বক্সে ক্রস করেন তিনি। সেখান থেকে হেডে বল জালে পাঠান মেরেন্তিয়েল।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার কোনো কার্যকর চেষ্টা দেখাতে পারেনি আতলেতিকো মিনেইরো। কোচ এদুয়ার্দো দোমিঙ্গেস একাধিক পরিবর্তন আনলেও দলের খেলায় ইতিবাচক পরিবর্তন আসেনি।

ম্যাচের শেষ দিকে দু-একটি আক্রমণে গোলের চেষ্টা করলেও বোকা জুনিয়র্সের জন্য বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টাইন ক্লাবটি।

২০০২ সালে শুরু হওয়া কোপা সুদামেরিকানায় এটি বোকা জুনিয়র্সের তৃতীয় শিরোপা। এর আগে ২০০৪ ও ২০০৫ সালে টানা দুইবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনার ক্লাবটি।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তিনটি শিরোপা জেতা প্রথম ক্লাব হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল বোকা।

ফাইনালে হেরে যাওয়ায় ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে সরাসরি জায়গা করে নেয়ার সুযোগ হারিয়েছে আতলেতিকো মিনেইরো। মৌসুমের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এই প্রতিযোগিতায় শিরোপা জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি লিবার্তাদোরেসে খেলার টিকিট নিশ্চিত করা।

এখন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের মাধ্যমে লিবার্তাদোরেসে জায়গা করে নেয়ার আশায় থাকতে হবে দলটিকে। বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে মিনেইরো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »