• Home
  • প্রচ্ছদ
  • সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী
Image

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের পাশাপাশি বিদেশি কূটনীতিকদেরও মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে জানিয়ে আসাদুজ্জামান বলেন, অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন।

সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেওয়া হয়েছে। আলোচনার জন্য আইনটির খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

আইনের ধারাগুলোর সংজ্ঞা আরও স্পষ্ট করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সরকার সংজ্ঞাগুলো স্পষ্ট করার এবং দুর্বোধ্যতা দূর করার চেষ্টা করছে। আইনে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক শব্দ থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি না। ’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »