• Home
  • দেশ
  • পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পরিচালিত উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের সহকারী পরিচালক শামীম হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার শাখাপ্রধান ও এফএভিপি ফয়জুর রহমান। তিনি সভাপতির বক্তব্যের পাশাপাশি সমাপনী বক্তব্য দেন। কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন উদ্যোক্তা এবং ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর বলেন, চাকরি খোঁজার পরিবর্তে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানই করেন না, বরং অন্য শিক্ষিত বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। উপজেলা পর্যায়ে তরুণদের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।সারা দেশে পাঁচ হাজার নতুন উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তাদের সহযোগিতায় দেশের বিভিন্ন ব্যাংক কাজ করছে। উদ্যোক্তাদের প্রকল্প ও যোগ্যতা যাচাই-বাছাই করে ব্যাংকগুলো অর্থায়ন করছে। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বিনিয়োগ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হয়। সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, হস্তশিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। উদ্যোক্তাদের এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারও বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।কর্মশালাটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ এসপিও এনামুল হক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »