রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রস্তাবে রুশ ব্যাংক, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম, তেলবাহী জাহাজ, তেল শোধনাগার, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনা এবং ক্রীড়াবিদদের লক্ষ্য করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ইউরোপীয় কমিশন এ প্রস্তাব প্রকাশ করে। এটি অনুমোদন পেলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর মস্কোর বিরুদ্ধে ইইউর ২২তম নিষেধাজ্ঞার প্যাকেজ হবে। ডিসেম্বরের মধ্যে সদস্য দেশগুলোর সম্মতি নিয়ে এটি কার্যকর করতে চায় কমিশন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া আন্তরিক উদ্যোগ না নেওয়া পর্যন্ত নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া অব্যাহত থাকবে।
নতুন প্রস্তাবে আরও ৬০টি রুশ ব্যাংককে আন্তর্জাতিক অর্থ লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যেসব ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চায় ইইউ।
এ ছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগার মেরামতের কাজে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশ নেওয়া নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।
রাশিয়ার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ৭০টির বেশি জাহাজকেও নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব জাহাজকে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বলা হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং তেল পরিবহনে এগুলো ব্যবহার করা হয়। এরই মধ্যে এ ধরনের ৬৭০টির বেশি জাহাজকে ইইউর বন্দরে প্রবেশ ও বিভিন্ন সেবা নেওয়া থেকে বিরত রাখা হয়েছে।
রুশ সেনা ও খেলোয়াড়দের ওপরও নিষেধাজ্ঞা
নতুন প্রস্তাবে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টিও রয়েছে। এর আগে গত জুলাইয়ে একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও ফ্রান্স ও ইতালির আপত্তিতে তা এগোয়নি।
এবার রাশিয়ার সাবেক সেনাদের ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন ফন ডার লেয়েন। তিনি বলেছেন, রুশ সেনাদের অবাধে ইউরোপের দেশগুলোতে চলাচলের সুযোগ দেওয়া উচিত নয়।
এবারের প্রস্তাবে খেলাধুলা ও সংস্কৃতির বিষয়টিও যুক্ত করা হয়েছে। ইইউর দেশগুলোতে রাশিয়ার জাতীয় পতাকা ও সরকারি প্রতীক ব্যবহার করে কোনো দল বা খেলোয়াড়ের অংশগ্রহণ বন্ধ করতে চায় কমিশন। ইউরোপের ক্রীড়া ফেডারেশনগুলোতে রুশ নাগরিকদের অর্থ অনুদান দেওয়া এবং দায়িত্বশীল পদে থাকার ওপরও নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। ইউরোপীয় কমিশনের ভাষ্য, ক্রীড়া আয়োজনকে প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, রাশিয়ার অস্ত্র উৎপাদন কমাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা এবং রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি। ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সম্মেলনে অংশ নিতে চলতি সপ্তাহেই ব্রাসেলসে যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির।
সূত্র: ইউরোনিউজ















