সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো উড়োজাহাজে ফিরবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে সরকার। তাকে প্রত্যর্পণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে বাংলাদেশ বিমানে আনার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে ফেরত চায়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি মুখ্য বিষয় নয়। তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। প্রত্যর্পণের পর কীভাবে তিনি দেশে আসবেন, তা তখন সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: হিলিতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি
ভারতের অপতথ্য প্রচার নিয়ে উদ্বেগ
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে—এমন বিভিন্ন ধরনের অপতথ্য ভারতের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই। এ ঘটনা নিয়ে ভারতে গুরুতর অপতথ্য প্রচার চলছে।
জাহেদ উর রহমান ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি এ ধরনের অপতথ্য প্রচার বন্ধের আহ্বান জানান। তার মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অবস্থান থাকা জরুরি। অপতথ্য প্রচার অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সম্পর্কে আরও জটিলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ বিষয়ে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদেরও বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগের সমর্থক কয়েকজনের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
ডিসেম্বরে সীমান্তে বাড়তি সতর্কতা
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।
আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে এক ধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। অভিযুক্ত আসামিরা যাতে নজরদারির বাইরে থেকে সীমান্ত অতিক্রম করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে। তবে এটি বাহিনীর নিয়মিত দায়িত্বেরই অংশ।
আইনজীবীকে হেনস্তা অনুচিত
সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার এ ধরনের ঘটনাকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে।
তিনি বলেন, কেউ অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় নিতে পারেন। ওই ঘটনায় আইনজীবীও সংক্ষুব্ধ হলে আইনি সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে আশা প্রকাশ করেন তিনি।














