আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় অবস্থিত সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
















