• Home
  • দেশ
  • রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল
Image

রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগর যুবদলে পদায়ন নিয়ে বিতর্কের জেরে এবার সরাসরি বিক্ষোভের মুখে পড়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা। নতুন করে ১৩ নেতার পদায়ন এবং কয়েকজনকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে আহ্বায়ক ও সদস্য সচিবের বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের স্লোগান ও ক্ষোভের মুখে ঘোষিত সিদ্ধান্ত থেকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সরে এসেছে কেন্দ্রীয় যুবদল। বাতিল করা হয়েছে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত। শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান তারা। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান বিক্ষোভকারীরা। র আগে শনিবার কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতির কথা জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে পদায়নের তালিকা প্রকাশের পরপরই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ওঠে।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা, মামলা-হামলা ও কারাভোগ করা পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। এতে সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে আসা নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করা নেতাদের বড় পদ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে। মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। অথচ বিএনপির রাজনীতি করতে গিয়ে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের ত্যাগ ও নির্যাতনের পরও তাদের মূল্যায়ন করা হচ্ছে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »