• Home
  • বিনোদন
  • ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক
Image

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক

কিছুদিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে পোস্ট; নিজেদের আনন্দঘন মুহূর্ত প্রকাশ। পরে একের পর এক রক্ত চেয়ে পোস্ট। জানান, তার স্ত্রীর প্লাটিলেট মারাত্মক হারে কমে গিয়েছে। বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদীর গত কয়েকদিনের ফেসবুক টাইমলাইনের চিত্র ছিল এমনই।

কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! কিছুদিন আগেও যে স্ত্রীকে নিয়ে আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছিলেন রুশদী, সেই স্ত্রী শিরিন সুলতানা এখন না ফেরার দেশে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীর আকস্মিক মৃত্যুর এই শোকে সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশদী।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বাংলা ফাইভ ব্যান্ড তারকা। দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন কখনো। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি।

সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’। এক ফেসবুক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »