• Home
  • প্রচ্ছদ
  • কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় আইনশৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ
Image

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় আইনশৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় আরও জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। এর আগে গত ২৭ আগস্ট এই তিন জেলায় সরকারের কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় দ্রুত তাঁকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসকদের নিয়মিত সব উপজেলা পরিদর্শনের পরামর্শও দেন প্রতিমন্ত্রী। কুড়িগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সমন্বয় আরও বাড়াতে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদেরও যুক্ত করার নির্দেশনা দেন তিনি।

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা ও প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং দ্রুত সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়। নদীভাঙনসহ স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং খাল খনন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

কৃত্রিম সংকট এড়িয়ে সার দেওয়ার নির্দেশ

সভায় সার সরবরাহ পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট তৈরি না করে তারা যাতে সময়মতো সার পান, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী শূন্য পদে দ্রুত ডিলার নিয়োগে জেলা ও উপজেলা কমিটিগুলোকে কার্যকরভাবে সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়।

জেলার পরিচ্ছন্নতা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন মীর শাহে আলম। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে। তৃণমূলের মানুষের সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে দেখতে তিনি সংশ্লিষ্ট জেলাগুলো সফর করে উন্নয়ন ও জনসেবার বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন বলেও জানান।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং রংপুর বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »