• Home
  • বিনোদন
  • উত্তরবঙ্গের লোকশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই
Image

উত্তরবঙ্গের লোকশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই

বিনোদন ডেস্ক: চলে গেলেন উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ফারুক ভূঁইয়া। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও সাংস্কৃতিককর্মী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বুধবার বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী লোকগানের প্রচার ও প্রসারের পাশাপাশি একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে ‘ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ’-এর মাধ্যমে তিনি অসংখ্য গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছেন।

ফারুক ভূঁইয়ার ব্যাপক জনপ্রিয়তার মূলে রয়েছে তাঁর নিজের লেখা ভাওয়াইয়া শিল্পী মহেশ চন্দ্র রায়ের সুরে গাওয়া বিখ্যাত গান “বাংলাদেশের মাইনষিগিলা তোমাক দেওছো নিমন্ত্রণ, নীলফামারী একবার বেড়ে যাও”। ১৯৮৯ সালে বিটিভির ‘অন্তরঙ্গ’ ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়। এরপর থেকে তা উত্তরবঙ্গ ছাড়িয়ে পুরো দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

মৃত্যুর মাত্র সপ্তাহখানেক আগে গত ৬ অক্টোবর রাজধানীতে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »