পঞ্চগড় প্রতিনিধি: জুলাই ২০২৬ মাসের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পঞ্চগড়কে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
সভায় রংপুর রেঞ্জের অধীন আটটি জেলার জুলাই মাসের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সার্বিক কার্যক্রম বিবেচনায় পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ডিআইজি আমিনুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. আবু সাইম।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ এ স্বীকৃতি অর্জন করেছে।
পঞ্চগড় জেলা পুলিশের এ অর্জনকে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
















