স্পোর্টস ডেস্ক: দর্শনীয় এক গোলে পিএসজিকে পথ দেখালেন খাভিচা কাভারাৎসখেলিয়া। সেই ধাক্কা সামলে, পাল্টা আক্রমণে ভীতি ছড়াল অ্যাস্টন ভিলা। অভিষিক্ত টিএনএজার ব্রায়ানের নৈপুণ্যে ম্যাচে সমতাও টানল তারা। তবে, দ্বিতীয়ার্ধে আরেক গোল করে উয়েফা সুপার কাপ ধরে রাখল লুইস এনরিকের দল।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ। যেখানে ২-১ গোলে জিতল পিএসজি। তাদের জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে।গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল পিএসজি।
গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারের দল ছেড়ে যাওয়া এবং বর্তমান স্কোয়াডে চোটের থাবায় জেরবার অবস্থা ভিলার। আরেকদিকে, প্রস্তুতির ঘাটতিতে মূল খেলোয়াড়দের অনেককে ছাড়া খেলতে নামে পিএসজি। তাতে খুব ভালো ফুটবল দেখার সম্ভাবনা ছিল কম।
পিএসজি কোচ লুইস এনরিকেও ম্যাচের আগে দিয়েছিলেন তেমন বার্তা। তবে, মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে উত্তাপ ছড়াল বেশ, লড়াই হলো জমজমাট।
মাঠে বল গড়ানোর পর, দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে পজেশনে একচেটিয়া আধিপত্যের পাশাপাশি আক্রমণেও ছড়ি ঘোরাতে শুরু করে পিএসজি, এবং ২০তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় দলটি।
সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় একজনকে কাটিয়ে, জোরাল শটে ঠিকানা খুঁজে নেন জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া।
কিছুক্ষণ পর দ্বিতীয় গোল পেতে পারতো পিএসজি। ডি-বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করেন নুনো মেন্দস, তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে; কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি।
দুই মিনিট পর পাল্টা আক্রমণে ভালো সুযোগ পায় ভিলা, ডান দিক থেকে সতীর্থের ক্রসে লাফিয়ে হেড করেন ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা ফরোয়ার্ড ব্রায়ান; কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে।
ধীরে ধীরে পজেশন বাড়িয়ে আক্রমণে জোর দেয় ভিলা। মূলত ক্রসনির্ভর আক্রমণ করতে থাকে তারা, তাতে সুযোগও তৈরি হয় একের পর এক।
বিরতির আগের কয়েক মিনিটে দারুণ দুটি সুযোগ পান ১৭ বছর বয়সী ব্রায়ান; এবার প্রথম দফায় বল যায় ক্রসবারের ওপর দিয়ে, খানিক পর তার কোনাকুনি শটও হয় লক্ষ্যভ্রষ্ট। অবশেষে ৪৫তম মিনিটে সফল হন তিনি। আরও একটি দারুণ ক্রস বাড়ান জন ম্যাকগিন এবং ছয় গজ বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রায়ান।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডি-বক্সে ব্রায়ানের পাস পেয়ে জোরাল শট নেন ভিলা অধিনায়ক ম্যাকগিন, ঝাঁপিয়ে সেটা রুখে দেন পিএসজি গোলরক্ষক।
৬১তম মিনিটে চোখের পলকে শাণানো এক পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় পিএসজি। এই অর্ধের শুরুতে বদলি নামা উসমান দেম্বেলের দারুণ পাস ধরে, সবাইকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি উইঙ্গার দুয়ে।
ফের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল ভিলার হাতে; কিন্তু প্রথমার্ধের শেষ দিকের মতো আর জ্বলে উঠতে পারেনি তারা।২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে, টানা তিনটি লিগ আঁ ও টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি জিতলেন এনরিকে।

















