নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর শিরোইল বাস টার্মিনালে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার ও চলাচলরত বাসের দৃশ্যমান স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। স্টিকারগুলোতে জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে সতর্কবার্তা দেওয়া হয়। আইন অমান্য করলে ২ হাজার টাকা জরিমানার কথাও তুলে ধরা হয়। এ উপলক্ষে রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম তোতা, সদস্য মো. সেলিম হোসেন, মো. দেলোয়ার রহমান, এমডি আব্দুল করিম ও দপ্তর সম্পাদক মো. কুরবান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।অংশগ্রহণকারীরা বলেন, গণপরিবহন ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে পরিবহন মালিক-শ্রমিকদের সচেতনতা জরুরি। নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হলে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা আইন মেনে চলতে আরও উৎসাহিত হবেন।















