২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) পৌনে ১২টার দিকে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়ন জমা দেন জোট নেতারা।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় রাশেদ প্রধান, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।
অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আর সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।
এদিকে দুপুরে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে সম্প্রতি নির্বাচনের তফসিল দেয় ইসি।
একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। এর আগে একক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর প্রতিটি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।














