খেলার মাঠে খেলার পরিবেশই থাকবে। জাতীয় স্টেডিয়ামের পর এবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেও সেই পরিবেশ ফেরাতে কড়া পদক্ষেপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।
রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। নির্দেশ দেন, স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামের সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যেসব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট রয়েছে, তাদের স্থানান্তর করা যেতে পারে।’
নারী ফুটবল ও বয়সভিত্তিক ফুটবলের গুরুত্বপূর্ণ ভেন্যু কমলাপুর স্টেডিয়াম। খেলা শেষে ফুটবলারদের ড্রেসিংরুমে যেতেও বিড়ম্বনায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ। সেই পরিস্থিতি বদলাতেই প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
শফি কামাল জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি কমলাপুর স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। এবার সেই দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হলো।





















