পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃক্ষরোপনের প্রতি গুরুত্বারোপ করে তরুণদের উদ্দ্যোশে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে বৃক্ষ রোপন করুন।
তিনি শুক্রবার( ২৪ জুলাই) বেলা ১১ টায় বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারী অডিটোরিয়াম চত্বরে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপন অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষ রোপন করতে আহ্বান করছি।
তিনি আরো বলেন, নদী ও গাছের সাথে একটি সম্পর্ক রয়েছে। একারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বনডাই অক্সাইড ছাড়ে আর আমরা গাছ থেকে অক্সিজেন নেই। একারণে গাছ লাগানো জরুরী।
পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি।
এসময় র্যালীতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।















