• Home
  • দেশ
  • রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একদিনে দুই প্রাণহানি, আতঙ্কে পথচারী ও যাত্রীরা
Image

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একদিনে দুই প্রাণহানি, আতঙ্কে পথচারী ও যাত্রীরা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথচারী, মোটরসাইকেল আরোহী কিংবা সাধারণ যাত্রীরা। সর্বশেষ বুধবার কাউনিয়া উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে মহাসড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার মীরবাগ এলাকায় ভরসা কোল্ড স্টোরের সামনে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪৭) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

একই দিন রাতে কাউনিয়া পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুরাকুটি কলোনি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘটনা রোধে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মহাসড়কের বিভিন্ন অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, ঝুঁকিপূর্ণ মোড় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে দাবি তাদের। অনেকেই মহাসড়কের কাউনিয়া অংশ, বিশেষ করে আরকে রোড এলাকাকে এখন ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যায়িত করছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাব উদ্দিন পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়দের দাবি, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রæত কার্যকর ব্যবস্থা, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা হোক। তা না হলে এই মহাসড়কে প্রাণহানির মিছিল থামবে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »