পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।আটকরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের গাছবাড়ী এলাকার আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার ফরিদ হোসেন (৪৮)।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ ১ হাজার ২৮০ টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় ‘জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















