পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে তার নির্বাচনী অঙ্গীকার পুর্নব্যক্ত করে বলেছেন, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। এছাড়ও জেলার স্বাস্থ্য সেবা ও চিকিৎসা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন তিনি। আধুনিক পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রæতি দিয়েছিলাম যে, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।এটি বাস্তবায়নে আমি অটল। আমি দৃঢ় ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।
নওশাদ জমির বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
পরিদর্শনকালে সংসদ সদস্য নওশাদ জমির হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও হাসপাতালের পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা বিষয় খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তারা।
















