ক্রীড়া প্রতিবেদক-র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬, বাংলাদেশের ১৮১। র্যাঙ্কিং ব্যবধানের ছাপ দেখা গেল মাঠেও। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করেছে মালয়েশিয়া। দলটি তাদের আগের দুই ম্যাচে গোলহীন ছিল।
জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথম ১৫ মিনিট মালয়েশিয়ার বিপক্ষে সমানতালেই লড়ছে বাংলাদেশ। ১৮ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ার পর নিজেদের গুছিয়ে উঠার কিছুটা চেষ্টা করে তারা। কিন্তু ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে দুই পরিবর্তন করে বাংলাদেশ। ফাহমিদুল ও ফারহানকে উঠিয়ে নামানো হয় শাহরিয়ার ইমন ও শুকি ইতোফুসাকে। তাতে আক্রমণে কিছুটা গতি দেখা গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। উল্টো ৫২ মিনিটে রক্ষণের ভুলে আরও একবার গোল খায় টমাস ডুলির দল।
৫৯ মিনিটে বাংলাদেশ কোচ করেন আরও দুই পরিবর্তন। তারিক কাজী ও শমিত সোমের বদলে মাঠে নামেন শেখ মোরছালিন ও জিদান ইউসুফ। বাংলাদেশ দলের সিনিয়র পর্যায়ে এটাই জিদানের প্রথম ম্যাচ। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে, হতাশাও বেড়েছে।
৭৫ মিনিটে নিজেদের সেরা সুযোগটা হাতছাড়া করে বাংলাদেশ। দুবার শট নিয়েও নিশানা খুঁজে পাননি হামজা চৌধুরী। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনের দুর্বল শটও সহজেই আটকেছেন মালয়েশিয়া গোলকিপার।
এর আগে মালয়েশিয়া ম্যাচে প্রথম এগিয়ে যায় ১৮ মিনিটে। বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আরিফ আইমান। তাঁকে আটকানোর চেষ্টা করেও পারেননি বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ।
৩৩ মিনিটে বাংলাদেশ গোলের একটি সুযোগ তৈরি করে। সাদ উদ্দিনের পাস প্রতিপক্ষের গোলমুখে পেলেও শট নেওয়ার মতো সময় পাননি রাকিব হোসেন। মালয়েশিয়ার ডিফেন্ডাররা তাঁকে কড়া পাহারায় রেখেছিলেন।
এর পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। সেন্টার-ব্যাক পজিশন থেকে বল সামনে বাড়াতে গিয়ে তালগোল পাকান শাকিল আহাদ। বলের দখল চলে যায় মালয়েশিয়ার কাছে। সেই সুযোগে আইমান বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসানকে একা পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন, সঙ্গে ব্যবধানও দ্বিগুণ করেন।
৫২ মিনিটে বার্গসনের করা মালয়েশিয়ার তৃতীয় গোলের পর অবশ্য বাংলাদেশ আর ব্যবধান কমাতে পারেনি।
এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ফারহানেরও। ১৯ বছর বয়সী ফারহান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের খেলোয়াড়। বর্তমানে ধারে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসির হয়ে খেলছেন।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। আসিয়ান কাপের ‘ডিভিশন ওয়ানে’ বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।


















