• Home
  • আন্তর্জাতিক
  • ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ!
Image

ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ!

এনবিসি নিউজের বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী তথ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ইসরায়েল থেকে আসা পাল্টা গোয়েন্দা ঝুঁকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

মার্কিন বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, পেন্টাগনের অধীন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা একটি অভ্যন্তরীণ সতর্কবার্তায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার হুমকি ‘সংকটজনক’ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে। বিশেষ করে ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তথ্য সংগ্রহের আশঙ্কা থেকেই এই মূল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবসূত্র ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহে ইসরায়েলের সক্ষমতা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ কারণে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে অবস্থিত দেশটির দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা সরকারি কর্মকর্তার ওপর ইসরায়েল গোয়েন্দা নজরদারি চালায় না। তার ভাষ্য, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে হোয়াইট হাউসও প্রতিবেদনটির তথ্যকে অসত্য বলে দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে নীতিগত মতপার্থক্য বাড়তে থাকায় দুই দেশের সম্পর্কের ভেতরে নতুন ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল সফরের সময় অনেক মার্কিন কর্মকর্তা বাড়তি সতর্কতা অবলম্বন করেন। কেউ কেউ অস্থায়ী মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করেন। এমনকি হোটেলের কক্ষে ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতেও সতর্ক থাকেন তারা।

গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ একটি প্রচলিত বিষয় হলেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক আস্থার প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *