• Home
  • খেলা
  • নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
Image

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতের গোয়ায় নেপালকে ১-২ গোলে হারিয়ে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ভারতের গোয়ায় সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের অন্তিম মুহূর্তে নেপালের আত্মঘাতী গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্দহীন ছিল বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির কর্নার কিক থেকে গীতা রানি গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। ৩৬তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত। তবে প্রীতি রাজের শক্তিশালী শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে প্রতিহত হলে রক্ষা পায় বাংলাদেশ।

গোল শোধে প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলও মেলে বিরতির ঠিক আগে। কর্নার কিক থেকে সরাসরি দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। শুরুতেই নেপালের রেখার শট পোস্টে লেগে ফিরে আসায় স্বস্তি পায় বাংলাদেশ। ৬৯তম মিনিটে সারু লিম্বুর আরেকটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ৭৮তম মিনিটে বাংলাদেশের সাগরিকা গোলের সুবর্ণ সুযোগ পেলেও নেপাল অধিনায়ক ও গোলরক্ষক সুব্বা দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে সাগরিকাকে ঠেকাতে গিয়ে নেপালের রক্ষণভাগ বিভ্রান্তিতে পড়ে। শেষ পর্যন্ত আত্মঘাতী গোল করে বসেন নেপালের এক ডিফেন্ডার। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পিটার বাটলারের শিষ্যরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *