দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে। এ জেলার ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে এবার মঞ্চ নির্মাণ করা হয়েছিল লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে। প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের অনুষ্ঠানে রয়েছে দুটি বিশেষ গান। একটিতে কণ্ঠ মিলিয়েছেন লক্ষ্মীপুরেরই কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।
অন্যদিকে, প্রতিবারের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এতে নেচেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। দর্শকপর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে মঞ্চে অভিনয় করেন লক্ষ্মীপুর জেলার সন্তান জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব শ্রদ্ধেয় দিলারা জামান।
আয়োজক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এবারের অনুষ্ঠানে থাকছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী-লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকার। এ ছাড়া এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে একটি প্রতিবেদন তৈরি হয়েছে লক্ষ্মীপুরের বিস্তৃত মাঠজুড়ে সয়াবিনের সমারোহ, নারিকেল ও সুপারি গাছের সারি এবং এ জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা নিয়ে। জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর রয়েছে উদ্দীপনামূলক প্রতিবেদন। আরও রয়েছে নদী আর ভাগ্যের সঙ্গে অবিরাম লড়াই করা লক্ষ্মীপুরের এক নিঃস্ব মাঝিকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন।
এবারের বিদেশি পর্বে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ফেরত সৈনিকদের তৈরি বিশ্বের অন্যতম জনপ্রিয় উপকূলীয় পথ বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘গ্রেট ওশান রোড’। আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির আলাপ। এ ছাড়া ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে তৈল টিভি, মুখোশের অন্তরালে, স্ক্রিনে বন্দি জীবন, উন্নয়ন প্রতারণা, বিয়ে যন্ত্রণা, সবাই ডাক্তার, ইউটিউব ফিভার, ডিজিটাল চিকিৎসা, খাঁটি সোনা ও নকল সোনাসহ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির এই পর্ব বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ৩১ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।















