বিশ্বকাপের পর দেশে ফিরে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। তবে সমালোচনার জবাব তিনি দিয়েছেন নিজের সবচেয়ে পরিচিত উপায়ে—গোল করে। শাপকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে জোড়া গোল করে সান্তোসকে হার এড়াতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
গত রাতে শাপকোয়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অবনমন অঞ্চলে থাকা সান্তোসের হয়ে প্রথম গোলটি করেন নেইমার। সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সের ভেতর থেকে নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।
এর আগে কোপা সুদামেরিকানার ম্যাচ চলাকালে সান্তোসের সঙ্গে না থেকে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেইমার।
সমালোচনার জবাব যেন গোল উদযাপনেই দেন ৩৪ বছর বয়সী এই তারকা। প্রথম গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি, যা অনেকেই সমালোচকদের উদ্দেশে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।
তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি সান্তোস। শাপকোয়েন্স পরপর দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ দিকে আবারও দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন নেইমার। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। চোট ও ফিটনেস পুনরুদ্ধার কর্মসূচির কারণে তাকে আগেই ক্লাবের সঙ্গে যুক্ত করা হয়নি এবং বিশ্বকাপ চলাকালে তিনি ব্রাজিলেই অবস্থান করেন।
সমালোচনার জবাবে সম্প্রতি সান্তোসের অনুশীলন মাঠ থেকে একটি ভিডিও বার্তায় নেইমার বলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি, কারণ আমি তখনই অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।”
সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, “আমি এখন অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।”
শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে নেইমার দেখিয়ে দিলেন, সমালোচনার জবাব তিনি মাঠের পারফরম্যান্স দিয়েই দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
















