চট্টগ্রামে ওয়াসার খননকাজে মাটি ধস, ২ শ্রমিক নিহত

0
3

চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার খননকাজ চলাকালে ভয়াবহ মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, রাতের বেলায় চলমান খননকাজের সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এদিকে, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে খননকাজ চলাকালে শ্রমিকরা মাটি চাপা পড়ে হতাহত হয়েছেন।

তবে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

NO COMMENTS

LEAVE A REPLY