• Home
  • বিনোদন
  • মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে নজর কাড়লেন মাহি
Image

মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে নজর কাড়লেন মাহি

পিঠে বৃত্তাকার শিল্পকর্মে ফুটে উঠেছে এক নারীর শৈশব, মাতৃত্ব থেকে বার্ধক্যে পৌঁছানোর গল্প। পরনে লাল-সাদা খাদির শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। দেশীয় ঐতিহ্য আর মায়ের চিরন্তন ভালোবাসার গল্প নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে তার সাজে উঠে এল মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার অনন্য বার্তা।

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক পর্বে মঞ্চে ওঠেন মাহি। তার পোশাকের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

কুমিল্লার খাদিতে মাতৃত্বের গল্প
মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে সহজে হাঁটাচলার সুবিধার জন্য রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। রয়েছে ব্লকপ্রিন্টের কাজও।

শাড়ির চেয়েও বিশেষ আকর্ষণ ছিল মাহির পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি। এতে দেখানো হয়েছে একটি মেয়েশিশুর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ প্রান্তে এসে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো কাজটি শেষ করতে সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় করেছেন মাতৃত্বের গল্প তুলে ধরা শিল্পকর্মটি তৈরিতে। আর শাড়িটি তৈরি করেছেন মাত্র এক দিনে।

সাবেকি গয়নায় বাংলার ঐতিহ্য
শাড়ির সঙ্গে মাহির সাজে ছিল সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ঐতিহ্যবাহী অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে গয়নাগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। মাত্র সাত দিনে নয়জন কারিগর মিলে ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে তৈরি করেছেন গয়নাগুলো। প্রতিটি অলংকার হাতে তৈরি করা হয়েছে অত্যন্ত নিপুণতায়।

এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যেতে পারেননি মাহি। তার পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহি জানিয়েছেন, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নিতে পেরেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »