• Home
  • বিনোদন
  • মৌসুমী হামিদ মা হলেন, ছেলের নাম ওহী বিন ওয়াদুদ
Image

মৌসুমী হামিদ মা হলেন, ছেলের নাম ওহী বিন ওয়াদুদ

বিনোদন ডেস্ক: মাতৃত্বের স্বাদ পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরে এখন তার পুরো পৃথিবী। অভিনয়ের ব্যস্ততা ছাপিয়ে আপাতত মা ও সন্তানের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেয়াতেই কাটছে অভিনেত্রীর সময়।

সংবাদ মাধ্যমে জীবনে নতুন অধ্যায় নিয়ে মৌসুমী হামিদ বলেন, মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না। মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে।

সন্তানের আগমনে বদলে গেছে মৌসুমীর প্রতিদিনের রুটিনও। এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই চলছে তার দিন। কখনো কখনো নিজের জন্য ঘুমানোর সময়টুকুও পাচ্ছেন না। অভিনেত্রী বলেন, এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না। সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী। পরে যখন ভালোভাবে দেখার সুযোগ হলো, তখন ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে।

ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার এই নতুন যাত্রায় স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে প্রথম মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানিয়েছিলেন, তাদের বন্ধুত্বের বয়স ১৪ বছর। দীর্ঘদিনের বন্ধুত্ব, চিন্তাভাবনার মিল সবকিছু বিবেচনা করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

এদিকে আপাতত অভিনয়ে ফিরছেন না মৌসুমী হামিদ। সন্তানকে সময় দেয়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো আপাতত গ্রহণ করছেন না। এ বিষয়ে অভিনেত্রী বলেন, অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »