• Home
  • বিনোদন
  • কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, জানালেন নিজেই
Image

কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, জানালেন নিজেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শুটিং নিয়েই বছরজুড়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রি ও দর্শকের কাছেও ছিল তার বেশ চাহিদা। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে জানা যায়, তিনি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার ছবি ও বিভিন্ন পোস্ট দেখে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে আগ্রহ তৈরি হয়। অনেকেই ধারণা করছিলেন, হয়তো আগের চেয়ে ভালো আছেন অভিনেত্রী। অন্যদিকে, শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি। এ সময় নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি।

তানিয়া বলেন, অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।

বর্তমানে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন তানিয়া। পরিবার নিয়ে সেখানে ঘুরতে গেছেন তিনি। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মনকে শান্ত রাখতেই এই সফর বলে জানান অভিনেত্রী। এদিকে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও আবারও শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তানিয়া। অভিনয়ে কবে ফিরবেন ভক্তদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নাটকে অভিনয় করতে চান এবং চলতি মাস থেকেই কাজ শুরু করার চেষ্টা করছেন।

তানিয়া বলেন, নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি। শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। তাদের আগ্রহ থাকলে দ্রুতই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »