• Home
  • বিনোদন
  • তৃতীয় কেমো শেষ, উপস্থাপিকা সামিয়ার প্রার্থনা এখন একটাই
Image

তৃতীয় কেমো শেষ, উপস্থাপিকা সামিয়ার প্রার্থনা এখন একটাই

‘আমার তৃতীয় কেমো শেষ হলো’— শনিবার রাতে নিজের শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন মডেল, উপস্থাপিকা সামিয়া আফরিন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তার এই বার্তা।

হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি যুক্ত করে পোস্টে সামিয়া লেখেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস। তা উল্লেখ করে এই উপস্থাপিকা ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’

নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাই নিজের প্রতি আসল ভালোবাসা বলে মনে করিয়ে দেন সামিয়া।

সামিয়া আফরিনের এই পোস্ট দেখার পর তার জন্য প্রার্থনা করছেন ভক্ত ও শোবিজ অঙ্গনের তারকারা। মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়েছিল। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। তবে চলতি বছরে তার শরীরে নতুন করে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার ধরা পড়ে। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »