• Home
  • দেশ
  • কাউনিয়ার বিপ্লবের কবর জিয়ারত করে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস এমপি আখতার হোসেনের
Image

কাউনিয়ার বিপ্লবের কবর জিয়ারত করে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস এমপি আখতার হোসেনের

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন রংপুরের কাউনিয়া উপজেলার হারিশ্বর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিপ্লব মিয়া। বুকভরা স্বপ্ন আর সংগ্রামের সাহস নিয়ে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে থেমে যায় তাঁর জীবনসংগ্রাম। গত ২০ নভেম্বর ২০২৬ নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শুধু একজন মানুষকেই হারায়নি পরিবারটি, হারিয়েছে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকেও।

বিপ্লব মিয়া (গেজেট নম্বর-১১৬৩) কাউনিয়া উপজেলার হারিশ্বর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তাঁর মৃত্যুতে স্ত্রী ও চার সন্তানসহ পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
এই শোকাহত পরিবারের খোঁজ নিতে বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে তাঁদের বাড়িতে যান রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি প্রথমে জুলাই যোদ্ধা বিপ্লব মিয়ার কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আখতার হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছু অসংগতি রয়েছে। বিশেষ করে, যাঁর নামে ভাতার হিসাব খোলা রয়েছে, তিনি মারা গেলে তাঁর ভাতা বন্ধ হয়ে যায়। অথচ তাঁর স্ত্রী-সন্তানদের জীবনযাপনের দায়িত্ব তখন আরও কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা যেভাবে তাঁদের পরিবারের উত্তরাধিকারীদের দেওয়ার ব্যবস্থা রয়েছে, একইভাবে জুলাই যোদ্ধাদের ভাতাও তাঁদের মৃত্যুর পর পরিবারের সদস্যদের দেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানানো হবে।

অন্যদিকে, স্বামীকে হারিয়ে দিশেহারা বিপ্লব মিয়ার স্ত্রী সংসারের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁর আকুতি, পরিবারের বসবাসের মতো নিজস্ব কোনো জমি নেই। বর্তমানে একটুখানি খাসজমিতে কোনোমতে চার সন্তানকে নিয়ে বসবাস করছেন তাঁরা। সন্তানদের নিয়ে নিরাপদে মাথা গোঁজার ঠাঁইটুকুও অনিশ্চিত। তাই সরকারের কাছে তাঁর দাবি, তাঁদের যেন একখণ্ড জমিসহ একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে সন্তানদের নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।

একসময় যাঁর উপার্জনে চলত পুরো সংসার, সেই বিপ্লব আজ নেই। রেখে গেছেন স্ত্রী ও চার সন্তানকে নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যৎ। যে মানুষটি দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন, তাঁর পরিবারের আজ ন্যূনতম আশ্রয় ও জীবিকার নিশ্চয়তাটুকুও নেই।

বিপ্লবের পরিবারের এমন দুর্দশার কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য আখতার হোসেনের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আর্থিক সহায়তার পাশাপাশি বিপ্লবের স্ত্রী-সন্তানদের স্থায়ী বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে।

এ সময় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য উপজেলার অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। ৯৯

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »