ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক দুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
প্রসঙ্গত, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে।
মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের ভোটে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়। এর মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৪-এ ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।













