আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা, একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত টনি উপজেলার উথরাইল দক্ষিণপাড়ার ফেরদৌস প্রামাণিকের ছেলে। গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার উধরাইল দক্ষিণপাড়া এলাকায় টনি হোসেন নিজ বাড়িতে অবস্থান করে একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইন বহির্ভূত ই-লেনদেন পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টনিকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পরীক্ষা করে একাধিক জিমেইল আইডি ও অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব-ইন্সপেক্টর ফেরদৌস হোসেন বলেন, জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।














