• Home
  • দেশ
  • একসময় ছিল গৃহস্থের আঙিনায়, কাউনিয়ায় এখন শুধুই স্মৃতিতে খড়ের গাদা
Image

একসময় ছিল গৃহস্থের আঙিনায়, কাউনিয়ায় এখন শুধুই স্মৃতিতে খড়ের গাদা

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ একসময় গ্রামবাংলার প্রতিটি গৃহস্থবাড়ির উঠান কিংবা আঙিনায় দেখা মিলত ধানের খড়ের গাদা বা পোয়ালের পালা। গবাদিপশুর খাদ্য সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের অংশ ছিল এসব খড়ের গাদা। তবে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কম্বাইন হারভেস্টারের প্রসার, মাঠেই খড় বিক্রি এবং বসতবাড়িতে জায়গার সংকটের কারণে রংপুরের কাউনিয়াসহ গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খড়ের গাদা।

সরেজমিনে উপজেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, একসময় প্রায় প্রতিটি কৃষক পরিবার গরু-মহিষ পালন করত। এসব পশুর খাবারের জন্য ধান কাটার পর খড় শুকিয়ে বাড়ির আঙিনায় স্তূপ করে রাখা হতো। বিশেষ করে বর্ষাকালে ঘাসের সংকট দেখা দিলে গবাদিপশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হতো সংরক্ষিত খড়। এমনকি একসময় বিয়ের সম্বন্ধ করার ক্ষেত্রেও কোনো পরিবারের সচ্ছলতা ও গৃহস্থালির অবস্থা বোঝার অন্যতম নিদর্শন ছিল খড়ের গাদা।

ঢুসমারা চওে কৃষক আবেদ আলী, নিজপাগা গ্রামের প্রহলাদ চন্দ্র জানান, আগে গরু দিয়ে ধান মাড়াই করে লম্বা খড় সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই ও কম্বাইন হারভেস্টারের ব্যবহারে খড় ছোট ছোট টুকরো হয়ে যায়। ফলে আগের মতো খড়ের গাদা তৈরি করা সম্ভব হচ্ছে না। সাব্দী গ্রামের কৃষক তাজরুল ইসলাম বলেন, আধুনিক চাষাবাদ, পাকা ঘরবাড়ির প্রসার এবং বসতবাড়িতে জায়গার অভাবে খড় সংরক্ষণের প্রচলন কমে গেছে। অনেকেই এখন মাঠ থেকেই খড় বিক্রি করে দেন। গদাই গ্রামের কৃষক মো আলামিন মণ্ডল জানান, আউশ, আমন ও বোরো মৌসুমে ধান কাটার পর খড় শুকিয়ে গাদা করে রাখা হতো। বিশেষ করে বর্ষাকালে গবাদিপশুর খাবারের সংকট মেটাতে এই খড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জানান, গবাদিপশুকে খাওয়ানোর পদ্ধতির পরিবর্তন এবং বিকল্প পশুখাদ্যের প্রচলনও ধানের খড়ের গাদা কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখছে। প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন জানান, বর্তমানে গরু পালন অনেক লাভ জনক, তাই খামারীরা গরুর স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় ধানের খর সংরক্ষনের পদ্ধতির পরিবর্তন ঘটেছে, ফলে ধানের খড়ের গাদা এখন নজরে কম পড়ে।

সময়ের পরিবর্তনে কৃষি ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগলেও হারিয়ে যাচ্ছে গ্রামীণ জীবনের চেনা অনেক দৃশ্য। নতুন প্রজন্মের কাছে ধানের খড়ের গাদা এখন অনেকটাই অপরিচিত। প্রবীণদের স্মৃতিতে রয়ে গেছে সেই সোনালি দিনের গ্রামবাংলা, আর মাঠে মাঠে খড়ের পালার চিরচেনা দৃশ্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »