পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের জগদল বাজার এলাকায় বায়ুদূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে এক বালি ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বালি ব্যবসায়ী জামানকে ২ হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ সময় রাস্তার ওপর রাখা বালু দ্রত অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক আব্দুল গফুর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাস্তার ওপর বালু ফেলে রাখা এবং বায়ুদূষণ সৃষ্টিকারী কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।











