পঞ্চগড় প্রতিনিধি॥ পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে গত তিন মাসে গ্রাম আদালতে মোট ১০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে অপেক্ষমাণ রয়েছে ১২টি মামলা। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পূর্বের অপেক্ষমাণ ও নতুন দায়ের হওয়া মোট ১১৬টি মামলার মধ্যে এসব মামলা নিষ্পত্তি করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় উপস্থাপিত তথ্য মতে, সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ১৬টি মামলার মধ্যে ১৫টি, হাফিজাবাদে ১২টির মধ্যে ৯টি, পঞ্চগড় ইউনিয়নে সাতটি, কামাত কাজলদিঘী ইউনিয়নে ২২টির মধ্যে ১৫টি, চাকলাহাট ইউনিযনে ১০টি, সাতমেরা ইউনিয়নে সাতটির মধ্যে ছয়টি, হাড়িভাসা ইউনিযনে ছয়টি, ধাক্কামারা ইউনিয়নে আটটি, মাগুড়া ইউনিয়নে ১৬টি এবং গরিনাবাড়ী ইউনিয়নে ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সভায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে প্রতিটি ইউনিয়ন পরিষদকে প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত অভিযোগ দ্রত স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলাজট কমাতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কোনো মামলা যেন অযথা দীর্ঘদিন অপেক্ষমাণ না থাকে, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে।
সভায় সদর উপজেলার ইউনিয়ন হিসাব সহকারী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান।












