আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কোরবান আলী সান্তাহার চা-বাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এসআই বাবুল আক্তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।













