• Home
  • খেলা
  • এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
Image

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর লিগ পর্বে বাংলাদেশকে এক প্রকার উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

আর ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের, যেখানে তাদের মুখোমুখি হবে পাকিস্তান। বুধবার (১৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুনীল রমেশের অলরাউন্ড পারফরম্যান্সে ৪০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

এই হারে ফাইনালে ওঠার লড়াইয়ে বাদ পড়ে গেছে বাংলাদেশ। লিগ পর্বে তিন ম্যাচের দুটিতে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দল পাকিস্তান ও ভারত সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টে আফগানিস্তানের খেলার কথা থাকলেও তারা আসেনি।

যারা কারণে প্রতিটি দলই একটি করে ম্যাচ কম খেলেছে। লিগ পর্বের পয়েন্ট টেবিলে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আগামী ২০ নভেম্বর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলবে দুই চিরপ্রতিদ্বী ভারত ও পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ তাহাফিজ। ৩০ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এছাড়া ওপেনার সালমান ২৯ বলে ১৯ এবং আরিফ হোসেন ২০ বলে ১৯ রান করেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। অতিরিক্ত থেকে আসে ২২ রান, যার মধ্যে ১৫ রানই ওয়াইড।

ভারতের হয়ে তোমপাকি, সুনীল রমেশ, লোকেশা ও ডি বেহেরা একটি করে উইকেট নেন। ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নকুল বদনায়কের উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেটে সুনীল রমেশ ও সঞ্জয় কুমার শাহের ৭৩ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় ভারতকে। ২৫ বলে ৩২ রান করে ফেরেন সঞ্জয়।

এরপর সুকুরাম মাঝিকে নিয়ে বাকি কাজ সারেন সুনীল। ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন মাঝি। অন্যদিকে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা সুনীল ৪১ বলে ৭ চার ও ৬৩ রান করেন। ১৩.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বাংলাদেশের হয়ে সজীব ও তাহাফিজ একটি করে উইকেট নেন। বল হাতে ১১ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন সুনীল রমেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »