• Home
  • আইন-আদালত
  • জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
Image

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

চব্বিশের জুলাই আগস্টে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১ একটি দল। সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক।

আবেদনে বলা হয়, আসামি (সাঈদ খোকন) দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ব্যাপক পরিকল্পনা করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত আসামিকে ধৃত করা সম্ভব হলেও তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মী অদ্যবধি আত্মগোপনে রয়েছে।

এমতাবস্থায় গ্রেপ্তার আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। আবেদনে রিমান্ডের জন্য সাতটি কারণ উল্লেখ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্তে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের বর্তমান অবস্থান সংক্রান্তে তথ্য সংগ্রহপূর্বক গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, তার আশ্রয়দাতা সংক্রান্তে তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায় এবং কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করে এবং বর্তমানে দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য এই রিমান্ড আবেদন করা হয় বলে তদন্ত কর্মকর্তা ফরোয়ার্ডিংয়ে উল্লেখ করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব (১৪)। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকনকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »