• Home
  • খেলা
  • ব্রাজিলের যুবারা পেরুকে ৯-০ গোলে বিধ্বস্ত করল
Image

ব্রাজিলের যুবারা পেরুকে ৯-০ গোলে বিধ্বস্ত করল

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল দল যেন গোল উৎসবে মেতে উঠেছিল। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে সেলেসাওরা। দুই অর্ধে মিলিয়ে ৯ গোল করেছে ব্রাজিল। জবাবে একটি গোলও করতে পারেনি পেরু। ম্যাচে জোড়া গোল করেছেন রোবিনহো জুনিয়র, আর হ্যাটট্রিকসহ একটি অ্যাসিস্ট করেছেন আন্দ্রে। খবর গ্লোবো এস্পোর্তের।

সোমবার (১৬ তারিখ) বেলেমের ম্যাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের জয় ৯-০ গোলে। প্রথমার্ধে দুই গোল করা ব্রাজিল দ্বিতীয়ার্ধে আরও সাতবার পেরুর জালে বল পাঠায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাতেউস ফেরেইরা বাম দিক থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন। ব্রাজিলের জার্সিতে এদিনই অভিষেক হয় তার।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভাস্কোর তরুণ ফরোয়ার্ড আন্দ্রে। বক্সের ভেতর বল পেয়ে শরীর ঘুরিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে মাতেউসের পাস থেকে আন্দ্রের নেয়া শট পেরুর রক্ষণভাগ আটকে দেয়।

বিরতির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্রুত দুটি গোল করেন আন্দ্রে। প্রথমে সতীর্থের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এরপর গোল উৎসবে যোগ দেন রোবিনহো জুনিয়র। মাতেউস ফেরেইরার ক্রস থেকে হেডে দলের পঞ্চম গোলটি করেন তিনি। কিছুক্ষণ পর বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন রোবিনহো। গোলের পর ডিগবাজি দিয়ে উদ্‌যাপন করেন এই তরুণ ফরোয়ার্ড।

ব্রাজিলের সপ্তম গোলটি আসে পেনাল্টি থেকে। স্পটকিক থেকে গোল করেন জুয়ান নুনেস। এরপর পেরুর গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল থেকে জালে পাঠান ইউরি লেলেস। তাতে ব্যবধান দাঁড়ায় ৮-০।

ম্যাচের শেষ দিকে ব্রাজিলের আক্রমণ থেকে আসা ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান পেরুর ডিফেন্ডার পেরেদা। তাতেই ৯-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »