• Home
  • প্রচ্ছদ
  • শেখ হাসিনার এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র
Image

শেখ হাসিনার এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে। ’

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর মধ্যে গত জুলাই মাসে তিনি রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর গত সপ্তাহে সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।

এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই তারা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।

এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ বা মতামত আছে কিনা?

জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্ধান্ত নেওয়ার ভার দিলেন বাংলাদেশের জনগণের ওপর। সঙ্গে বললেন, তারা ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান।

ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »