গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর জেলার তিনটি থানার ওসিকে বদলি করা হয়েছে। সোমবার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রের তথ্য থেকে জানা গেছে।
তারা হলেন—কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। এর আগে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান ও এসপি মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।
উল্লেখ্য, গত রোববার লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের অফিস ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া বিভিন্ন এলাকার গ্রামীণ ব্যাংকে শাখা অফিসে আগুনসহ বিভিন্ন তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বডি ওর্ন ক্যামেরাসহ ১০প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।













