• Home
  • দেশ
  • দেবীগঞ্জে চলমান আইন-শৃঙ্খলা অবনতি ও নাশকতা এড়াতে পুলিশের বিশেষ অভিযান
Image

দেবীগঞ্জে চলমান আইন-শৃঙ্খলা অবনতি ও নাশকতা এড়াতে পুলিশের বিশেষ অভিযান

পুলিশের উপর হামলার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও নাশকতা সৃষ্টির ঘটনায় গ্রেফতার এড়াতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ সদস্যদের কাছ থেকে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা, তাদের মারধর করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মাসুদ রানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।অভিযুক্ত মাসুদ রানা দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর দেবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার দন্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার (৪৬) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি , মাসুদ রানার বাড়িতে কতিপয় ব্যক্তি দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।

এমন সংবাদের ভিত্তিতে আমরা দেবীগঞ্জ থানার ওসির নির্দেশে দন্ডপাল ইউনিয়নের বিট অফিসার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে ৮ জন সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভোরে মাসুদ রানার বাড়িতে অভিযান পরিচালনা করে।অভিযানিক টিম মাসুদ রানার বাড়িতে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থান করা নারী ও পুরুষরা পালিয়ে যায়।এসময় মাসুদ রানা, তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করে আশপাশের লোকজনকে জড়ো করে।

এক পর্যায়ে স্থানীয় কিছু নারী-পুরুষ ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশের উপর হামলা, মারধর ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা কালে তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মিডিয়ার প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। ওই ভিডিওতে দেখা এবং শোনা যায়, তারা গ্রেফতার এড়াতে পুলিশের পথরোধ সৃষ্টি করে তাদের সাথে ধস্তাধস্তি করছে।

এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে যুবলীগের নেতা মাসুদ রানা। সে ডাকাত পড়ছে ডাকাত পড়ছে বলে চিৎকার চেচামেচি শুরু করে লোকজন জড়ো করার চেষ্টা করছে। এসময় মাসুদ রানা পুলিশকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলতে শোনা যায় আপনারা আপনি কেন আসছেন, আমাকে ছিনিয়ে নিতে আসছেন। কেন আমাকে নিয়ে যাবেন। ওসি ডাকছে আমি কেন যাবো, বাহিরে যাবো না, যা বলার এখানে বলেন, কি জন্য আমাকে নিয়ে যাবেন বলেন, আমি ইউপি সদস্য। দুনিয়াটা মগের মুল্লুক পেয়েছেন। আমি ট্যাক্স দেই, ভাতা দেই আমি বাংলাদেশের নাগরিক নই।

পরে মাসুদ রানার বাবা, মা, স্ত্রী ও বোন জোট হয়ে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং মাসুদ রানাকে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সহায়তা করে।পরে পুলিশ সদস্যরা বিষয়টি তাৎক্ষণিক ভাবে দেবীগঞ্জ থানার ওসিকে অবহিত করলে তিনি দ্রত ঘটনাস্থলে উপস্থিত হন।উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ বলপ্রয়োগ থেকে বিরত থাকে।

পুলিশ জানায়, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় ১টি মাদক মামলা, ৩টি প্রতারণা মামলা এবং ২টি অন্যান্য মামলাসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশের অভিযোগ করে জানান নিজের অপরাধ ও আইনি প্রক্রিয়া আড়াল করতেই তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে ফেসবুক লাইভে অপপ্রচার চালাচ্ছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, সরকারী কাজে বাধা প্রদান, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকারী মাসুদ রানাসহ তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে সব রকম চেষ্টা চলমান রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »