• Home
  • বিনোদন
  • নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা
Image

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। সম্প্রতি কাজ করেছেন একটি সিনেমায়। অভিনয়ে ব্যস্ততার ভিড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভ্রমণবিলাসী একজন তারকা হিসেবে তার পরিচিতি রয়েছে। নানা জায়গায় বেড়ানোর ঝলক প্রায়ই দেখা যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী এক পর্যটনকেন্দ্রে তোলা কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাকের সঙ্গে আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভসের বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট পার্লের দুল। কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত ওয়ান ভ্যান্ডারবিল্ট ভবনের ৯১, ৯২ ও ৯৩ তলায় বিস্তৃত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট। এটি কেবল পর্যবেক্ষণকেন্দ্র নয়, বরং আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি এক ব্যতিক্রমী পর্যটন অভিজ্ঞতা। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন পর্যটকদের মুগ্ধ করে।

নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাওয়া যায় ভিন্নধর্মী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও সেই আয়নাবাজির জাদু যেন নতুন করে ধরা দিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »