নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ সফরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এ ছাড়া রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার ম-প পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুত, নগর পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন তারা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।





















