পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ১৬টি ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র তুলে দেন পানিসম্পদ ফরহাদ হোসেন আজাদ এমপি। এ দুটি উপজেলা তার নির্বাচনী আসন।
মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহায়তা দেওয়ার লক্ষ্যে এ অনুদান বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্দিরগুলোর উন্নয়নের মাধ্যমে ধর্মীয় উপাসনার পরিবেশ আরও সুন্দর ও উপযোগী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছেন। এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো মহল অনৈক্য সৃষ্টি কিংবা ষড়যন্ত্রের চেষ্টা করলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।



















