চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমও ছিল।
আর গুঞ্জনের তালিকায় রয়েছে তানজিন তিশা, সাদনিমা বিনতে নোমানের মতো অভিনেত্রীরা। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনে কতটা গড়িয়েছে, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।
এ আলাপচারিতায় সঞ্চালক সরাসরি জানতে চান- তানজিন তিশার সঙ্গে আপনার ব্রেকআপ হলো কেন? এ প্রশ্নের জবাবে খায়রুল বাসার পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়। তানজিন তিশা একটু পাগলাটে, একটু পাগল মানুষ, রেগে যান! কিন্তু খুবই ভালো মানুষ।
নায়িকাদের সঙ্গে আপনার কেন প্রেমের গুঞ্জন ওঠে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।
তারপরও তো বেশ কয়েকজনের সঙ্গে আপনার নাম জড়িয়েছে। এই গুঞ্জন কতটা সত্যি? জবাবে খায়রুল বাসার বলেন, গুঞ্জন মোটেই সত্যি না। কিন্তু এসব গুঞ্জন আমি উপভোগ করি।
অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে আপনার সম্পর্ক আছে? এ বিষয়ে খায়রুল বাসারের পরিষ্কার জবাব- ‘না’। কিছুটা ব্যাখ্যা করে তিনি বলেন, আসলে আমি তো ‘না’ বলে দিলেই এটা শেষ হয়ে গেল না। সে আমার সহশিল্পী। সাদনিমা ভীষণ ভালো মানুষ এবং স্পষ্টবাদী।
তাহলে আপনি কবে বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তরে খায়রুল বাসার বলেন, আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারছি না। বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আমার মনে হয়, আমার অনেক কাজ বাকি। পারিবারিক কিছু দায়-দায়িত্বের ব্যাপার আছে। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে না।


















