পঞ্চগড় প্রতিনিধি- সনাতনী ধর্মালম্বীদের সর্ববৃহৎশারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই প্রেক্ষিতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় ৬প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে ৩৫টি পূজামন্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
এসময় তিনি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।মন্দির পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৮ বিজিবির আওতাধীন পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় যেসব পূজামন্ডপ রয়েছে, সেগুলোর নিরাপত্তায় বিজিবি কাজ করছে। টহল দল সব সময় তৎপর রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২৪ ঘণ্টা বিজিবির টহল দল তৎপর রয়েছে। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৫টি পূজামন্ডপে সার্বক্ষণিক নজরদারি জোড়দার রাখা হয়েছে। নাশকতা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও প্রস্তুত রয়েছে বিজিবি।
এ ছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষণিক নজরদারির জন্য চালু করা হয়েছে মনিটরিং সেল। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়িয়ে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।














