• Home
  • দেশ
  • কম খরচে বাড়তি আয়ে খুশি কাউনিয়ার মোক্তার আলী
Image

কম খরচে বাড়তি আয়ে খুশি কাউনিয়ার মোক্তার আলী

ধানখেতের আইলে লাউ চাষ,

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে জমির আইলে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক মোঃ মোক্তার আলী। ধান চাষের পাশাপাশি মাছ চাষ এবং জমির আইলে লাউ উৎপাদন করে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন তিনি। তুলনামূলক কম শ্রম ও খরচে ভালো ফলন এবং ন্যায্য দাম পাওয়ায় খুশি এই কৃষক। তাঁর ক্ষেতের মাচায় ঝুলছে অসংখ্য ছোট-বড় লাউ। ব্যতিক্রমী এ উদ্যোগ দেখে লাউ চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অন্য কৃষকরাও।

সরেজমিনে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে গিয়ে দেখা যায়, ৬০ শতক জমিতে ধান ও মাছ চাষের পাশাপাশি জমির দক্ষিণ পাশের আইলে মাচা তৈরি করে লাউ চাষ করেছেন মোক্তার আলী। তিনি নিজের উদ্যোগে ছেলে মাসুদ রানাকে সঙ্গে নিয়ে লালতীর ডায়না জাতের লাউয়ের বীজ থেকে চারা তৈরি করেন। পরে জমির আইলে ৩৫টি চারা রোপণ করেন। বর্তমানে গাছগুলোতে প্রচুর লাউ ধরেছে।

কৃষক মোক্তার আলী জানান, কৃষি বিভাগের পরামর্শ ছাড়াই নিজের অভিজ্ঞতা ও উদ্যোগে তিনি এ চাষ শুরু করেন। দুটি মাচা তৈরিতে তাঁর খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা। শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২৫০টি লাউ প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেছেন। আরও প্রায় ১০০টি লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, এর আগে চালকুমড়া চাষ করেও ভালো লাভ পেয়েছেন। এবার লাউ চাষেও আশানুরূপ ফলন পাওয়ায় তিনি সন্তুষ্ট। কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার করায় তাঁর উৎপাদিত লাউয়ের চাহিদা রয়েছে বাজারে। ফলে তাঁকে বাজারে গিয়ে লাউ বিক্রি করতে হয় না; পাইকাররা সরাসরি জমিতে এসে লাউ কিনে নিয়ে যান।

শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, মোক্তার আলী ও তাঁর ছেলে মাসুদ রানা আধুনিক চিন্তাধারার কৃষক। তাঁদের জমির আইলে লাউয়ের ভালো ফলন হয়েছে। সাধারণত জমির আইল অব্যবহৃত পড়ে থাকে। সেখানে মাচা তৈরি করে লাউ চাষ করলে মূল ফসলের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়ে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে কাউনিয়া উপজেলায় ৩৯০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৭২২ মেট্রিক টন। এ ছাড়া ১ হাজার ৫০০ সবজি চাষিকে সার ও বীজ প্রণোদনা দেওয়া হয়েছে।

জমির আইলে সবজি চাষের সুবিধা সম্পর্কে কৃষি সংশ্লিষ্টরা জানান, মূল জমিতে সেচ ও সার প্রয়োগের ফলে আইলে লাগানো গাছও প্রয়োজনীয় পানি ও পুষ্টি পেতে পারে। ফলে আলাদাভাবে পরিচর্যা ও উপকরণের খরচ তুলনামূলক কম হয়। ধানক্ষেতের আইলে মাচা তৈরি করে লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া,শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। এতে একই জমি থেকে একাধিক উৎসে আয় করার সুযোগ তৈরি হয়।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বলেন, মাচা পদ্ধতিতে উন্নত জাতের লাউ চাষ করে কৃষকেরা ভালো ফলন ও দাম পেতে পারেন। সাধারণত ধানক্ষেতের আইল বা পাড় অব্যবহৃত থাকে। সেই আইল উঁচু ও চওড়া করে মাচা পদ্ধতিতে লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করা সম্ভব। এতে কৃষকের বাড়তি আয় হয় এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, ধান চাষের পাশাপাশি মাছ চাষ এবং জমির আইলে সবজি উৎপাদনের মতো সমন্বিত কৃষিপদ্ধতি কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষক মোক্তার আলী নতুন উদ্যোগে সবজি চাষ করেছেন। তিনি কৃষি বিভাগের সহযোগিতা চাইলে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। তাঁর এ সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও জমির আইলে সবজি চাষে উৎসাহিত হবেন বলে আশা করছি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »